বাংলা থেকে দিদি বিদায় নিচ্ছে বললেন মোদী
দি নিউজ লায়নঃ একুশের বিধানসভা ভোটের নির্বাচনী প্রচারে এসে বৃহস্পতিবার পুরুলিয়ার জনসভা থেকে শাসক দল তৃণমূল এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন বাংলার মাটিতে দাঁড়িয়ে দিদি বলে খেলা হবে, বিজেপি বলে চাকরি হবে। দিদি বলে খেলা হবে, বিজেপি বলে শিক্ষা হবে। দিদি বলে, খেলা হবে, বিজেপি বলে, বিকাশ হবে। বাংলায় অনেক অত্যাচার করেছো দিদি, এবার মা দুর্গার আর্শিবাদে তোমাকে পরাস্ত হতে হবে। বাংলায় এবার তোলাবাজদের পরাজয় ঘটবে।
তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের এখন দিন গোনার পালা। বাংলাত গদী ছাড়তে হবে তাদের। মোদী এদিন মমতার পায়ে চোট লাগা প্রসঙ্গে বলেন, ভারতের কোটি কোটি নারীর মতোই দিদিও ভারতের একজন নারী। যাঁদের সম্মান করা আমাদের সংস্কারে আছে। এই জন্যই দিদির যখনই চোট লাগে তখনই চিন্তিত হই। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, দিদি শিঘ্রই সুস্থ হয়ে উঠুন। মোদী বলেন, বাংলা থেকে দিদি বিদায় নিচ্ছে। বাংলায় আসল পরিবর্তন আসছে। এবার ভয় নয়, শুধু জয়।
বাংলাকে কুশাসন থেকে মুক্ত করার সময় আসছে। পুলিশকে অনুরোধ করবো, আপনারা গণতন্ত্রের উপর ভরসা রাখুন। এই বাংলায় তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেটের কোনও স্থান হবে না। অপরাধীরা জেলে যাবে। দিদির চালচোরেরা খেলা চালাতে থাকুক, কিন্ত আমরা চাইলেই খেলা শেষ হয়ে যাবে। বাংলায় চুরির খেলা আর চলবে না। বাংলা জুড়ে তোষনের রাজনীতি চলছে বলেও অভিযোগ করেন মোদী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অনুপ্রবেশ নিয়ে তোষণের রাজনীতি চালিয়েছেন মমতা।
সেই তোষনের রাজনীতি আর বাংলায় চলবে না।

Post a Comment